কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ বিকাল

প্রণব নারায়ন বিশ্বাস, ​কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: “সমবায় শক্তি, সমবায় মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সমিতির ব্যবস্থাপনা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ​সমিতির সভাপতি মোঃ নকীব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর 'ঘ' অঞ্চলের ডিরেক্টর মোঃ খন্দকার নজরুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মোঃ আব্বাস আলী, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম এবং কালবের পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বিশ্বাস এবং সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী। ​সভায় সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ বেলাল হোসেন, নুরুজ্জামান খান বাদল, মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং আসাদুজ্জামান খান। এ সময় কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর সাধারণ সভার মূল প্রবন্ধ ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে কালব ডিরেক্টর মোঃ খন্দকার নজরুল ইসলাম বলেন, “কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাধারণ সভায় আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করব সদস্যদের সম্মিলিত চেষ্টায় আপনারা প্রতিষ্ঠানটিকে আরও উন্নত করে তুলবেন।”

​সভাপতির বক্তব্যে মোঃ নকীব উদ্দিন বলেন, “হাঁটি হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠান আজ বাংলাদেশের অন্যতম সেরা একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এই কৃতিত্ব আপনাদের সকলের। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানে সঞ্চয় জমা রেখে প্রতিষ্ঠানের উন্নয়নে আপনারা অবদান রাখবেন বলে আশা করি।”

​অনুষ্ঠানের এক পর্যায়ে সমিতির সদস্যদের সন্তানদের মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছে, তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও অর্থ তুলে দেওয়া হয়। আলোচনা পর্ব শেষে উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে ৪০ জন ভাগ্যবান বিজয়ীকে নির্ধারণ করে আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সমিতির সহ-সভাপতি নুরুল হক এবং কোষাধ্যক্ষ আব্দুর রহমান জাফর।

Link copied!