প্রণব নারায়ন বিশ্বাস, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। উপকূলীয় জনপদে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন খেলার মাঠে প্রদৃপ্ত প্রকল্প, জাগোনারী এবং কেয়ার বাংলাদেশ-এর যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসন, কলাপাড়া-এর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান-এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার,কলাপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.নজরুল ইসলাম, ওসি(তদন্ত) ইলিয়াস খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় অফিসার আব্বাস আলী এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু। এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
এর আগে মেলার অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দুর্যোগকালীন করণীয় ও উদ্ধার তৎপরতা বিষয়ক একটি প্রাণবন্ত মাঠ মহড়া প্রদর্শিত হয়। দিনব্যাপী এ আয়োজন শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মাঝে উপহার প্রদান করা হয়। এছাড়াও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করেই এই অঞ্চলের মানুষকে টিকে থাকতে হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে এ ধরনের সচেতনতা মুলক অনুষ্ঠান খুবই অপরিহার্য। তাই মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন :