ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী:

মাইগ্রেনের ব্যথা সারাতে যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০১:৫০ দুপুর

রাত দেড়টায় মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত ওই যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলা ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাইফুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌরসভার কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে তাঁর দুটি ফোনালাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, নতুন ওসি যোগ না দেওয়া পর্যন্ত থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগমকে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে আটক করে পুলিশ। পরবর্তীতে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তিনি জামিনে মুক্তি পান। সনির সঙ্গে ওসির কথোপকথনের তিনটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ফাঁস হওয়া অডিওগুলোতে আটক হওয়ার পর থানায় ২ লাখ টাকা লেনদেন, পরবর্তীতে আরও অর্থ দাবি, পলাতক এক যুবলীগ নেতার প্রসঙ্গ এবং ওসির সরকারি বাংলোয় গোপনে দেখা করার বিভিন্ন নির্দেশনার মতো আপত্তিকর নানা বিষয় উঠে আসে।

Link copied!