ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত আনোয়ার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে হাশেমবাগ এলাকায় যান। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার মুখে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও দুষ্কৃতকারীরা কনস্টেবল আনোয়ারকে ধরে ফেলে এবং তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দৌড়ে রক্ষা পাওয়া এএসআই আব্দুস সাত্তারের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!