ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের প্রথম দিনেই সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০১:৪৪ দুপুর

কুয়াকাটা নিউজ ডেস্ক।। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনেই বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। এ উপলক্ষে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি। উদ্বোধনী কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনগুলোর যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বিজয়ের মাসের কর্মসূচি চূড়ান্ত করতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করছি।

দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে রিজভী বলেন, প্রতিবেশী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। এমন বক্তব্যের জন্য তাকে ধিক্কার জানাই। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের অহংকার। দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ফ্যাসিবাদের অবশিষ্টাংশ দেশে কৃত্রিম সংকট ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি হাসপাতালেও হামলা চালানো হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের হত্যার ঘটনাও ঘটছে।

রিজভীর দাবি, ১৭ বছর পর গুম-খুনের রাষ্ট্রীয় সংস্কৃতি থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। তবে সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সরকার গণতান্ত্রিক আচরণ করবে এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। অতীতের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান বা প্রত্যাবর্তন হতে দেওয়া হবে না।

দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে কোনো অস্থিরতা দেখছেন না জানিয়ে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ গণহত্যার মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে দলটি এখন অপ্রাসঙ্গিক ও অপাঙক্তেয়। সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে দেশে দলটির সমর্থক ও সাংগঠনিক অবস্থানও সংকটের মুখে পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ থেকে বিরত রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জুলাই জাতীয় সনদেও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা ও প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার রয়েছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও বিচার কার্যক্রম পরিচালিত হবে। আদালতের নির্দেশনা এবং আইনের বিধান অনুযায়ী দলটির ভবিষ্যৎ নির্ধারিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অনেকে উপস্থিত ছিলেন।