কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান সারোয়ারের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মিজানুর রহমান সারোয়ারের মা জাহানারা, বোন তানিয়া, মোঃ রানা ও মোঃ সোহাগ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ভুক্তভোগীর পরিবার জানান, মোঃ মিজানুর রহমান সারোয়ার বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬নং পুমদী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
পরিবারের দাবি, বিগত সরকারের সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে মিজানুর রহমান সারোয়ারের বিরুদ্ধে মোট ৬৮টি রাজনৈতিক মামলা দেওয়া হয় এবং সে সময় তিনি ৪৬ দিন গুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার এক মাসের মাথায় একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘ ৭ মাস ১৫ দিন কারাগারে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের শরণাপন্ন হলেও কার্যকর প্রতিকার না পেয়ে পরবর্তীতে নিজ উদ্যোগে আদালত থেকে তাঁর জামিন নিশ্চিত করেন পরিবারের সদস্যরা। তবে অভিযোগ রয়েছে, জামিন পাওয়ার পরপরই ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘আওয়ামী লীগের নেতা’ আখ্যা দিয়ে সন্ত্রাসবিরোধী আইনে পুনরায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে আটক রাখে।
এই ঘটনায় চরম অসহায়ত্ব প্রকাশ করে মিজানুর রহমান সারোয়ারের দ্রুত নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
বিনীত নিবেদক,
জাহানারা বেগম
মোঃ মিজানুর রহমান সারোয়ারের মা
জাহানারা বেগম
মোঃ মিজানুর রহমান সারোয়ারের মা

আপনার মতামত লিখুন :