ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রশাসকহীন ধানখালী ইউপি, থমকে নাগরিক সেবা;

জন্মনিবন্ধন থেকে মৃত্যু সনদ- চরম ভোগান্তিতে ইউনিয়নবাসী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:৩৬ রাত

প্রণব নারায়ণ বিশ্বাস, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে প্রশাসক না থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে এসে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রত্যাশীরা। জরুরি প্রয়োজনে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে না পেরে অনেকে পড়ছেন বিপাকে।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ধানখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক অপু সাহা বদলি হওয়ার পর থেকে প্রশাসকের পদটি শূন্য রয়েছে। এরপর থেকে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় অনুমোদনের জটিলতায় অনেক সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, জন্মনিবন্ধন ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হওয়ায় শিশুদের বিদ্যালয়ে ভর্তি, পাসপোর্ট তৈরি, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার আবেদন এবং পারিবারিক ও উত্তরাধিকারসংক্রান্ত কাজে ভোগান্তি বাড়ছে। বিশেষ করে মৃত্যু নিবন্ধন ও ওয়ারিশসংক্রান্ত কাগজপত্রের প্রয়োজন হলে মানুষকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে। অনেককে একাধিকবার ইউনিয়ন পরিষদে এসেও প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা দাপ্তরিক দায়িত্ব পালন করলেও প্রশাসকের অনুপস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। ফলে পরিষদের দৈনন্দিন সেবা কার্যক্রম স্বাভাবিক গতিতে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

Link copied!