ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:১৪ বিকাল

রাজধানী ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) লড়বেন মাওলানা হাফেজ মাহবুবুল হক।

আজ শনিবার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস পুরোদমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র এবং সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রার্থী চূড়ান্ত করে ঘোষণাও দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজধানীর দুই গুরুত্বপূর্ণ সিটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হলো।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্থানীয় সরকার পর্যায়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Link copied!