ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের বহু আশ্রয়শিবির পানিতে তলিয়ে গেছে। ঝড়ের কারণে অসংখ্য তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো ফিলিস্তিনি। শনিবার (৭ নভেম্বর) গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ঝড় শুরুর পর থেকে ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে দেড় হাজারের বেশি জরুরি সাহায্যের আবেদন পেয়েছে তারা। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার পুরো আশ্রয়শিবির প্লাবিত হয়েছে।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গাজার সিভিল ডিফেন্সের পরিচালক বলেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিষেবা ও ত্রাণসহায়তা প্রয়োজন। বিশেষ করে আশ্রয়হীন মানুষের জন্য দ্রুত নতুন তাঁবু সরবরাহ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। সিভিল ডিফেন্সের বিবৃতিতে বলা হয়, ‘বাস্তুচ্যুত মানুষ—নারী ও শিশুসহ—এখন ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং বৃষ্টিতে তাদের তাবু ভেসে যাচ্ছে।’
সংস্থাটি আরও জানায়, দুর্যোগের ব্যাপকতা এবং প্লাবিত এলাকা থেকে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় সরঞ্জাম ও সম্পদের অভাবে এককভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সহায়তা সংস্থাগুলোকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স।

আপনার মতামত লিখুন :