রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে এসে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন ওই দুই গ্রাম পুলিশ সদস্য। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন– রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
ঘটনার খবর পেয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। নিহত দুই সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শোকাহত পরিবারগুলোর একজন উপযুক্ত সদস্যকে গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি দেওয়া হবে।
এ ছাড়া সরকারি ব্যবস্থাপনায় নিহত ব্যক্তিদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া এবং পূর্ণ মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন :