কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার পাশে ঘুমিয়ে থাকা রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিঁখোজের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোজ শিশু ওই গ্রামের রাসেল খানের ছেলে। সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে ওই পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শিশুসন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন রাসেল খান। এ সময় তাঁর স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেওয়া ও ঘর মোছার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শিশুটির সন্ধানে পুকুরের পানি সেচে ফেলা হয় এবং এলাকাজুড়ে মাইকিং করা হয়। তবু শিশুটির খোঁজ না মেলেনি। রুমা বেগম বলেন, সকালে তার সন্তানকে দুধ খাওয়ানোর পর তিনি ঘরের বাইরে কাজে যান।
এ সময় তার স্বামী রাসেলের পাশে রায়হান ঘুমিয়ে ছিলেন। পরে কুকুরের ডাকাডাকি শুনে ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে তিনি তার স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন। রাসেল খান বলেন, রায়হানকে তার মা দুধ খাওয়ানোর সময়ও তিনি সজাগ ছিলেন। কিন্তু পরে তিনি ঘুমিয়ে পড়েন। তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তুললে তিনি দেখেন, রায়হান তার কাছে নেই। এ ঘটনায় কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোঁজের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :