ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হলিক্রস থেকে গোল্ডেন জিপিএ-৫, কৃতী শিক্ষার্থী শাওমিকে ইমদাদের সম্মাননা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬, ০৬:২৫ বিকাল

ছবি-কুয়াকাটা নিউজ

বেনাপোল প্রতিনিধি: ঢাকার ঐতিহ্যবাহী হলিক্রস গার্লস হাই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে কৃতী শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমি। তার এই অসামান্য সাফল্যে অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ইমদাদুল হক ইমদাদ।

সোমবার (১২ অক্টোবর) শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও শাওমির বাবা মোস্তাফিজ্জোহা সেলিমের অফিসে গিয়ে শাওমির জন্য নির্ধারিত সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা তুলে দেন ইমদাদুল হক ইমদাদ।

মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ শাওমির এই সাফল্য তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি করেছে। তার এ অর্জন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার পাশাপাশি আগামী দিনের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার প্রত্যয় জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গত ৩ অক্টোবর বেনাপোল পৌর এলাকার একটি কমিউনিটি ভেন্যুতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেনি শাওমি। পরে তার পক্ষে বাবা মোস্তাফিজ্জোহা সেলিম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় সোমবার শাওমির হাতে পৌঁছে দেওয়ার জন্য তার বাবার কাছে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা তুলে দেন ইমদাদুল হক ইমদাদ।

শাওমির সাফল্যে অভিনন্দন জানিয়ে ইমদাদুল হক ইমদাদ বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সাফল্য শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন্য গর্বের। শাওমির এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন ও নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ জোগানো এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”

তিনি শাওমির উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেন। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের স্বপ্ন পূরণের পথ সুগম করতে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান ও তাদের অনুপ্রাণিত করার এমন উদ্যোগ আগামী প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস এবং ভালো ফলাফল অর্জনের প্রত্যয় আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Link copied!