নিভে গেল পত্রিকা বিক্রেতা সালামের সংগ্রামী জীবনের আলো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ১০:০৫ রাত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মানুষের কাছে পরিচিত মুখ ছিলেন আব্দুস সালাম। প্রতিদিনই খবরের কাগজ গুছিয়ে বুকে জড়িয়ে রাস্তার বেড়িয়ে পড়তেন তিনি।  সকাল থেকে  গভীর রাত  পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিতেন খবরের কাগজ, নীরব পরিশ্রমে জীবিকার সন্ধানে। শারীরিক প্রতিবন্ধকতা আর চরম দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী, তবুও জীবনের সঙ্গে লড়াই থামাননি কখনো।
 
কিন্তু দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসার সামর্থ্য না থাকায় ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবশেষে সেই দুরারোগ্য ব্যাধির কাছে হার মানলেন। গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনির নিজ বাড়িতে জীবন সংগ্রামী এই মানুষটি শেষে নি:শ্বাস ত্যাগ করেন।
 
স্থানীয়দের ভাষ্য, সালাম ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্যে বড় হয়েছেন । জীবনের প্রয়োজনেই বেছে নিয়েছিলেন পত্রিকা বিক্রির পেশা। শহরের অলিগলি, চায়ের দোকান—সবখানেই তার ছিলো পদচারণ। প্রতিদিনের খবর মানুষের হাতে পৌঁছে দেওয়াই যেন হয়ে উঠেছিল তাঁর জীবনের লক্ষ্য।
 
এদিকে সালামের মৃত্যুতে প্রতিবেশী, সহকর্মী ও  নিয়মিত পত্রিকা গ্রাহকরা গভীর শোক প্রকাশ  করেছেন। যারা নিয়মিত তার কাছ থেকে পত্রিকা কিনতেন, তারা শুধু একজন বিক্রেতাকে নয়—একজন নিরলস পরিশ্রমী মানুষকে হারানোর বেদনা অনুভব করছেন। 
তারা জানান, সালামের মুখে হাসি ছিল সব সময়, কষ্ট কখনো বুঝতে দিতেন না।
 
স্থানীয় সংবাদকর্মীরা জানান, জীবনের কঠিন বাস্তবতাকে সঙ্গে তিনি যেভাবে মাথা উঁচু করে বেঁচে ছিলেন, তা অনুপ্রেরণা হয়ে থাকবে অনেকের কাছে।
 
কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু জানান, সালামের মতো মানুষদের গল্প আমাদের মনে করিয়ে দেয়—অভাব-অনটন কিংবা শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের ইচ্ছাশক্তি কতটা দৃঢ় হতে পারে। শুধু একটি জীবনের সমাপ্তি নয়, বরং এক নীরব সংগ্রামের অধ্যায়ের অবসান। তার স্মৃতি কলাপাড়ার মানুষের হৃদয়ে বেঁচে থাকবে দীর্ঘদিন।

Link copied!