মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১১:০৬ রাত

ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। সবুজ-হলুদ জার্সি, ব্রাজিলের পতাকা ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে সমর্থকদের উচ্ছ্বাসে। শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে বালিজুরি এফএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ব্রাজিল সমর্থক মেহেদী হাসান টুটুলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ ফুটবলপ্রেমী অংশ নেন। শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাওয়াই রোড এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্রাজিলের জার্সি পরে এবং হাতে জাতীয় পতাকা নিয়ে নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন। নাচ-গান, স্লোগান ও উচ্ছ্বাসে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। শোভাযাত্রা বিভিন্ন এলাকা অতিক্রম করার সময় সাধারণ মানুষ ও অন্যান্য ব্রাজিল সমর্থকরাও তাদের স্বাগত জানান। সমর্থকদের ভাষ্য, ফুটবল ইতিহাসে ব্রাজিল অন্যতম সফল ও জনপ্রিয় দল। সেই ভালোবাসা থেকেই তারা এই আয়োজন করেছেন। আসন্ন বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক শহীদ ইসলাম বলেন, “আমরা চাই ব্রাজিল মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই বিশ্বকাপ জিতুক। হাত দিয়ে গোল করে নয়, সুন্দর ফুটবল খেলেই শিরোপা অর্জন করুক। আমরা বিশ্বাস করি, এবার ব্রাজিলের সামর্থ্য আছে বিশ্বকাপ জয়ের।

আরেক সমর্থক সিহাব মওয়া বলেন, ফুটবল আনন্দের খেলা। যার যার পছন্দের দল থাকতেই পারে। আমরা চাই সব দলের সমর্থকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্বকাপের আনন্দ উপভোগ করুক। ব্রাজিল সমর্থক শাওন মোল্লা বলেন, নেইমারকে নিয়ে অনেকেই নানা মন্তব্য করেন। তবে আমরা বিশ্বাস করি, সুস্থ ও ছন্দে থাকা নেইমারই দলের বড় শক্তি। এবার ব্রাজিল দারুণ কিছু উপহার দেবে। এদিকে বিশ্বকাপ ঘিরে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনের ছাদে বিভিন্ন দেশের পতাকা টাঙাতে দেখা গেছে ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপের আবহে ইতোমধ্যেই পুরো উপজেলায় ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

Link copied!