আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ০৭:০৮ বিকাল

আজ (রোববার) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে এই দিবসটি উদযাপিত হয়, যার মূল লক্ষ্য সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সচেতনতা বৃদ্ধি। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের পর ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা দিনটি পালন করে আসছেন। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিতের দাবি সামনে আসে। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যমের নীতি অনুসরণ, হস্তক্ষেপ প্রতিরোধ এবং প্রয়াত সাংবাদিকদের স্মরণ করা হয়।

প্রতি বছরের মতো এবারও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বৈশ্বিক সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সূচকে দেখা গেছে, বাংলাদেশের অবস্থানের কিছুটা অবনতি হয়েছে। ১৮০টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১৫২তম, যা গত বছর ছিল ১৪৯তম। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর উদ্যোগে সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়, যা তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

এছাড়া সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে আলোচনা করা হয়।

Link copied!