ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০৪:১৪ দুপুর

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। যদিও চীন বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র উপাদান সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। যদিও এখন পর্যন্ত বেইজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি।

এ ছাড়া ইরানি তেলের ওপর নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে তেহরানকে চীন চাপ দেবে বলেও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে বলেছে, ‘চীন তাদের সমর্থনের বিষয়ে অনেক বেশি সতর্ক। তারা যুদ্ধের অবসান চায়, কারণ এটি তাদের জ্বালানি সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলছে।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। যদিও চীন এবং রাশিয়ার পক্ষ থেকে সামরিক কোনো সহায়তা পাচ্ছে কি না ইরান, সে বিষয়টি খোলাসা করতে রাজি হননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘তারা আমাদের রাজনৈতিক ও অন্যান্য দিক দিয়ে সাহায্য করছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। তাদের হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই হামলার নিন্দা জানালেও সক্রিয়ভাবে ইরানকে সহায়তার কোনও ইঙ্গিত দেয়নি দুই পরমাণু শক্তিধর দেশ রাশিয়া ও চীন।

সূত্র: সিএনএন

Link copied!