হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০৪:০৯ দুপুর

উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনা ও ইসরায়েলের মূল ভূখন্ডে হামলা বন্ধের জন্য শর্ত দিয়েছে ইরান।  তেহরান জানিয়েছে যদি মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে আক্রমণ আসা বন্ধ হয়, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন,‘গত কয়েক দিনে যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা করেছে- তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

কিন্তু আমাদের সামনে আর কোনো পথ নেই। কারণ ইরানের জনগণ কখনও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে মাথা নত করবে না এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে কখনও আপস করবে না। তিনি আরো বলেন, শত্রুরা চায় ইরানের জনগণ আত্মসমর্পণ করুক; কিন্তু তা কখনও ঘটবে না, বরং এই আকাঙ্ক্ষা নিয়ে শত্রুরা কবরে যাবে। ইরানের অস্থায়ী নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানে হামলা বন্ধ হয়, তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।

গত মাসের ২৮ ফেব্রুয়ারি ক্ষমতার পালাবদলের দাবিতে ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। পাল্টা জবাবে হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলেও জানা গেছে আন্তজার্তিক গণমাধ্যমের বরাতে।  তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে ইরানে হামলা করেনি।

Link copied!