ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আজ শনিবার সকালে তারা ইরাকের কুর্দি–অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ধ্বংস করে দেয়া হবে।
এদিকে ইরাকের রাজধানী বাগদাদের সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এতে সেখানকার কিছু অবকাঠামোতে আগুন ধরে যায়। ইরাকি একটি সূত্র শনিবার এ তথ্য জানিয়েছেন। এই ড্রোন হামলার আগে বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটে।
ওই রকেটটি ইরাক থেকেই ছোড়া হয়। যে যান ব্যবহার করে এটি ছোড়া হয়েছিল সেটি পরবর্তীতে জব্দ করে ইরাকি বাহিনী। এছাড়া নিক্ষেপের জন্য প্রস্তুত কয়েকটি রকেটও জব্দ করে তারা। ইরাকের বাসরায় আলাদা ঘটনায় যুক্তরাষ্ট্রের কোম্পানির পরিচালিত একটি তেল ও জ্বালানি স্থাপনায় হামলার ঘটে।
তথ্যসূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন :