বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হলেও দেশে জনগণের স্বার্থ বিবেচনা করে খুব সামান্য পরিমাণে দাম সমন্বয় করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের অতিরিক্ত প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ।
মন্ত্রী আরও বলেন, সরকার ভর্তুকি দিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে এবং জনগণের কষ্ট কমাতে যতটা সম্ভব সীমিত পরিসরে দাম সমন্বয় করা হয়েছে। তার মতে, পুরো বাড়তি চাপ সরকার নিজেই বহন করছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে দেশজুড়ে। এতে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বিভিন্ন হারে বেড়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন-এর দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। এর আগে শনিবার রাতে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হয়। সরকার বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়েই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

আপনার মতামত লিখুন :