কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জসিম মৃধা। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবী করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলেন, কে বা কাহারা গাছ কেটেছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে এমন অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সরকারি গাছ কর্তনের সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান। একই সাথে তিনি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে এ সময় পৌর শ্রমিক দল নেতা সোবহান হোসেন রাজু, আলমাস সহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ গত ১২ মার্চ কুয়াকাটা পৌর শ্রমিক দল নেতা জসিম মৃধার বিরুদ্ধে সরকার গাছ কর্তনের অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর কুয়াকাটা পৌর শ্রমিক দল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

আপনার মতামত লিখুন :