সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। শনিবার (১৪ মার্চ) সংবাদমাধ্যমটির বরাতে আলজাজিরা জানিয়েছে, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে লোকজনকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব বন্দরের বেসামরিক স্থাপনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে। এ কারণে এলাকাগুলো এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে এদিকে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নৌসদস্য নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেছেন, এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।
শনিবার (১৪ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে জানানো হয়, ইরানের নতুন যুদ্ধজাহাজগুলোর একটি আইআরআইএস দেনা সামরিক মহড়া শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয়। আমির হাতামি বলেন, দেনা ডেস্ট্রয়ারের ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। তারা কোনো সরাসরি যুদ্ধে জড়িত না থাকা অবস্থায়ই হামলার লক্ষ্যবস্তু হন।
তিনি বলেন, দেনার নাম এবং এর ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌবাহিনীর ইতিহাসে সাহস ও দায়িত্ববোধের প্রতীক হয়ে থাকবে। সেনাবাহিনী সামুদ্রিক সীমান্ত রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করবে এবং নৌক্ষমতা আরও শক্তিশালী করা হবে।

আপনার মতামত লিখুন :