চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি ছুড়েছে। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সুপার মাসুদ আলম জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরবর্তীতে অভিযান চালিয়ে সন্ত্রাসী ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি ও অস্ত্র মজুতের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পাহাড়ের ভেতরের দিকে আত্মগোপনের চেষ্টা করে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় জমি দখল, পাহাড় কাটা, প্লট বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। যার মধ্যে ইয়াছিন বাহিনী অন্যতম।
আলীনগর এলাকাটি সম্পূর্ণ ইয়াছিনের নিয়ন্ত্রণে ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের ৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রায় তিন হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে যৌথভাবে বড় ধরনের অভিযান চালিয়েছিল সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি।

আপনার মতামত লিখুন :