মো. সাইদুল ইসলাম:
বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুরে দ্বিতীয় দিনের গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। শুক্রবার দিনব্যাপী তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। বিশেষ করে এলাকার হাকর দখলমুক্ত করে মানুষের ব্যবহার উপযোগী করার দাবি জানান তারা।
স্থানীয়দের কথা মনোযোগ দিয়ে শোনেন ইমদাদুল হক ইমদাদ। তিনি বলেন, জনগণের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা করতে হবে। গাজীপুরের হাকর দখলমুক্ত করে এটি মানুষের ব্যবহার উপযোগী করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এলাকার তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখাও গুরুত্বপূর্ণ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত রাখতে তাদের প্রতি নিয়মিত নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।
ইমদাদুল হক ইমদাদ আরও বলেন, তরুণরাই আগামী দিনের শক্তি। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। খেলাধুলার সুযোগ তৈরি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে তরুণদের ইতিবাচক পরিবেশে রাখার উদ্যোগ নেওয়া হবে।
গণসংযোগে তিনি বলেন, মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করাই তার অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে পর্যায়ক্রমে রাস্তাঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা, হাকরসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন এবং হাকর দখলমুক্তসহ এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর প্রত্যাশা জানান।
গাজীপুরে দ্বিতীয় দিনের গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের ভালোবাসা ও প্রত্যাশার প্রতি সম্মান রেখে কাজ করতে চান তিনি। আগামী দিনগুলোতেও পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগে বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :