কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় একটি গাছ ছিল পাখিদের নিরাপদ আশ্রয়স্থল। দুই দিন আগে গাছটির ডালপালা কেটে ফেলায় মুহূর্তেই বদলে গেছে পাখিদের সেই চিরচেনা ঠিকানা। আশ্রয় হারিয়ে হাজারো এসব পাখি এখন ঠাঁই নিয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে। সন্ধ্যা নামলেই তারের ওপর সারি সারি পাখির দেখা মিলছে। আর সেই দৃশ্য দেখে আক্ষেপ করছেন পরিবেশ কর্মীসহ অনেকেই । ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখি মারা বাজার থেকে তেগাছিয়া খেয়াঘাট যাওয়ার পথে সড়কের পাশে।
স্থানীয়দের ভাষ্যমতে, ইব্রাহিম মেকার নামে ব্যবসায়ী দোকানের সামনে এ গাছটিতে দীর্ঘদিন ধরে পাখিদের বসবাস ছিল। সন্ধ্যা হলেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে পাখিরা এসে গাছটিতে আশ্রয় নিত। কোন পাখি ডালে বসে, আবার কোনোটা থাকতো ডালের আড়ালে। সন্ধ্যা নামলেই কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠত চারপাশ। রাত কাটিয়ে ভোর হলে আবার খাবারের সন্ধানে উড়ে যেত দূরে। হঠাৎ করে গাছের ডালপালা কেটে ফেলায় পাখিগুলো যেন দিশেহারা হয়ে পড়ে। প্রকৃতিপ্রেমীরা বলছেন, একটি গাছ ডাল কাটা হয়েছে, অথচ তার সঙ্গে যেন ভেঙে পড়েছে হাজারো পাখির ঘর। এখন প্রশ্ন ঘরহারা এই পাখিগুলো আবার কোথায় ফিরবে? তাদের মতে একটি গাছ কেবল মানুষের ছায়া বা ফলের উৎস নয়, পাখির কাছে সেটিই ঘর। সেই ঘর হারিয়ে বিদ্যুতের তারে ঠাঁই নেওয়া পাখিগুলো ঝুঁকির মুখে রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো.আজিজুল ইসলাম বলেন, পাখিগুলো বছরের পর বছর ওই গাছটিতে থাকত। গাছের ডালগুলো কেটে দেওয়ার পর ওরা কোথায় যাবে, সেটাই বুঝতে পারছে না। বাধ্য হয়ে পাখিগুলো বিদ্যুতের তারে বসছে। এমন দৃশ্য সত্যিই কষ্ট দেয়। আরেক বাসিন্দা মো.সাঈদ বলেন, পাখিগুলো যেন ঘরহারা মানুষের মতো আশ্রয়ের জন্য ছুটছে। তবে তারা পাখিদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি পাখির আবাসস্থল হিসেবে ব্যবহৃত গাছ ডাল নির্বিচারে কাটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাবেক সভাপতি নাজমুস সাকিব বলেন, বিষয়টি অত্যান্ত দু:জনক। পাখিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত গাছ কাটার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি ভবিষ্যতে পাখি ও জীববৈচিত্র্েযর আবাসস্থল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে বন কর্মকর্তা মনিরুল হক বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :