বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোটের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য রাখছে না। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে আন্দোলন রাজপথে গড়াবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
এদিন সন্ধ্যায় চবিতে সফরে আসেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। সাক্ষাৎকালে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা, জুলাই আন্দোলনে চবির দুজন শহীদ হৃদয় তরুয়া, ফরহাদসহ শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় যেন দলীয়করণ না হয় সে বিষয়ে উপাচার্যকে আহ্বান জানান নাহিদ ইসলাম।
পরে চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন চিফ হুইপ।
নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর থেকেই আমরা দেশে গণতান্ত্রিক পরিবর্তন চেয়ে আসছি। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু গণভোটের ব্যাপারে তারা কোনো স্পষ্ট বক্তব্য রাখছে না। দেশে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব, জ্বালানি সংকট, হাম সংকট ইত্যাদির মধ্যে থেকে আমরা চাই না এ নিয়ে আন্দোলন রাজপথে গড়াক। তবে সংসদে সমাধান না হলে আন্দোলন রাজপথে গড়াবে এবং এটা নির্ভর করবে সরকারের ওপর। সরকার পুরোনো ব্যবস্থা চায় কি না তারাই ভালো বলতে পারবে।’
তিনি আরও বলেন, ‘স্বজনপ্রীতি, দুর্নীতি, দলীয়করণ ইত্যাদির বিরুদ্ধেই ছাত্রদের এবং দল হিসেবে আমাদেরও অবস্থান ছিল এবং আছে। আমরা বিশ্ববিদ্যালয় ভিসিকেও বলেছি, এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেন স্বচ্ছতা থাকে এবং বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয়। ভিসির রাজনৈতিক বা ব্যক্তিগত অবস্থান বা মত যা-ই হোক না কেন, প্রশাসনের দায়িত্বে উনাকে নিরপেক্ষ থাকতে হবে।

আপনার মতামত লিখুন :