এবার আশুলিয়ায় ৭ বছরের শিশুকে যৌন হয়রানি, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ১২:৪৮ দুপুর

এবার সাভারের আশুলিয়ায় সাত বছরের এক মাদরাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদরাসা থেকে তাকে আটক করা হয়। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার ওই মাদরাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুর স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত বুধবার (৬ মে) বিকেলে মাদরাসা থেকে বাসায় ফিরে শিশুটি কান্নাকাটি করছিল। পরে স্বজনরা তাকে জিজ্ঞাসা করলে সে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে।

এরপর স্বজনরা মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর স্বজনরা একটি মামলা করেছেন। আজ গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হবে।

Link copied!