পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে (হাতপাখা) ৫৩ হাজার ৫৫৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৩৩৪ ভোট। মোস্তাফিজুর রহমান (হাতপাখা) পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট। অন্যদিকে, ১১ দলীয় নির্বাচনী ঐক্য খেলাফত মজলিসের প্রার্থী জহির উদ্দিন আহমেদ (দেয়ালঘড়ি) পেয়েছেন ১৪ হাজার ৬২৫ ভোট। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ১১১টি ভোটকেন্দ্র থেকে ফলাফল সংগ্রহ করে এই বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।
বিজয়ী হয়ে এবিএম মোশাররফ হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন, পটুয়াখালী-৪ আসনের সম্মানিত ভোটারবৃন্দের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আস্থা, ভালোবাসা ও সমর্থন আমার জন্য বড় দায়িত্ব। ইনশাআল্লাহ, এই বিজয় আপনাদের। আমি আপনাদের সেবায় সর্বদা নিবেদিত থাকব।
এই ফলাফল ছড়িয়ে পড়ার পর কলাপাড়া ও রাঙ্গাবালীর বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। এছাড়াও এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আপনার মতামত লিখুন :