ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কলাপাড়ায় তিন শতাধিক মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ রাত

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির উদ্যোগে তিন শতাধিক জামে মসজিদে জুমার নামাজবাদ বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন ও মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এই বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

কলাপাড়া পৌরশহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ শত শত সাধারণ মুসল্লী ও দলটির নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। 

মোনাজাতে এই জনপদসহ বাংলাদেশ ও বিশ্ব মুসলিমদের শান্তি কামনা করা হয়। এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক সাফল্য ও তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করা হয়। বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদেও খতিব ও ইমাম মুফতি মোঃ সাঈদুর রহমান।

Link copied!